প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫০ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ৯:১০ PM

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গৌছ বলেছেন, “তৃণমূল বাঁচলে বিএনপি বাঁচবে, বিএনপি বাঁচলে দেশ বাঁচবে।” তিনি বলেন, মৌলভীবাজারসহ সারা দেশে কাউন্সিলের মাধ্যমে বিএনপির নেতৃত্ব তৈরি হচ্ছে এবং এই প্রক্রিয়ার মাধ্যমে দল পুনর্গঠনসহ আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে।
শনিবার দুপুরে কুলাউড়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জিকে গৌছ আরও বলেন, বিএনপি জনগণের দল এবং কাজের মাধ্যমে এদেশের মানুষের হৃদয় দখল করেছে। তিনি আ.লীগের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা বিগত সময়ে দেশে-বিদেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়েছে। জিকে গৌছ বলেন, আ.লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, নেতাকর্মী খুন ও গুম হয়েছে।
কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদোয়ান খানের সভাপতিত্বে সম্মেলন ও কাউন্সিলে স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এবং উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আব্দুল মোহিত চৌধুরী রিপন। ইউকে বহির্বিশ্ব জাতীয়তাবাদী দলের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী শোক প্রস্তাব পাঠ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি এম নাসের রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, কেন্দ্রীয় নেতা এডভোকেট এএনএম আবে রাজা, জেলা আহবায়ক কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী ও আব্দুল মুকিত।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ভূকশিমইল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম। সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার (১৩ সেপ্টেম্বর) কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ