প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০১ পিএম

সংগৃহীত ছবি
হংকংকে হারিয়ে এশিয়া কাপের ১৭তম আসরে দারুণ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সুপার ফোরে যাওয়ার লক্ষ্যে শনিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা শ্রীলঙ্কার সঙ্গে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লড়াই সবসময়ই সমর্থকদের জন্য উত্তেজনা তৈরি করে। পরিসংখ্যানে শ্রীলঙ্কা সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পারফরম্যান্স বেশ আশাপ্রদ।
টি-টোয়েন্টিতে দুই দল এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে লঙ্কানরা ১২টি ম্যাচ জিতেছে, আর বাংলাদেশ ৮টি। বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক মাহমুদউল্লাহ (৩৬৮), শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ রান কুশাল মেন্ডিস (৫২৯)।
ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসে বাংলাদেশের সাব্বির ৮০ রান করেন, শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস ৮৬। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ১৫টি ছক্কা মাহমুদউল্লাহ করেছেন, অন্যদিকে কুশাল মেন্ডিস ২৮টি ছক্কা হাঁকিয়েছেন।
শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ চারটিতেই জিতেছে, শ্রীলঙ্কা শেষ পাঁচ ম্যাচে দুইটিতেই জয়ী। তাই পরিসংখ্যানে শ্রীলঙ্কা সামান্য এগিয়ে থাকলেও সাম্প্রতিক ফর্মের ভিত্তিতে কোনো দলকে স্পষ্টভাবে এগিয়ে বলা যাচ্ছে না।