প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম

ফাইল ছবি
আইসিসির টুর্নামেন্ট হোক বা এশিয়া কাপ, ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা কাজ করে দর্শকদের মধ্যে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে যায় সব টিকিট।
কিন্তু এবারের দৃশ্যপট একেবারেই ভিন্ন। আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচকে ঘিরে যে উন্মাদনা প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না।
সংশ্লিষ্টরা জানান, এখন পর্যন্ত বিক্রি হয়েছে মাত্র ৫০ শতাংশ টিকিট। অথচ ১০ দিন আগে টিকিট উন্মুক্ত করা হয়েছিল। ক্রিকেটপ্রেমীদের এই অনীহা আয়োজকদের কাছে বিস্ময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রিমিয়াম মানের প্রতিটি টিকিটের দাম প্রায় ৫ লাখ টাকা (বাংলাদেশি মুদ্রায়), আর সর্বনিম্ন টিকিটের দাম প্রায় ১২ হাজার টাকা। টিকিট বিক্রিতে ভাটার প্রধান কারণ এর চড়া মূল্য। ভারতীয় সংবাদমাধ্যমগুলোও এই একই কারণকে দায়ী করছে।
অতীতে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়তে দেখা গেছে সমর্থকদের। স্বাভাবিকভাবেই টিকিট বিক্রির রেকর্ড হওয়ার কথা ছিল। কিন্তু এবার বাস্তবতা ভিন্ন, যা ক্রিকেট বিশ্বের জন্য অপ্রত্যাশিত।
তবে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আশা করছে, শেষ মুহূর্তে বিক্রি হয়ে যাবে বাকি টিকিটগুলো। ম্যাচের দিন গ্যালারি দর্শকে টইটম্বুর থাকবে বলেই তাদের প্রত্যাশা।
এই ম্যাচ শুধু একটি খেলা নয় বরং দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার মর্যাদার লড়াই। এছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ বিশ্বব্যাপী ক্রিকেটের বাণিজ্যিক সাফল্যের অন্যতম চালিকা শক্তিও বটে। ক্রিকেট অর্থনীতিতেও প্রশ্ন তুলছে টিকিট বিক্রির ভাটা ।
স্বদেশ প্রতিদিন/শাহো