প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ পিএম

সংগৃহীত ছবি
খাওয়ার পর মুখরোচক কোনো মিষ্টি না হলে অনেকেরই খাওয়া যেন সম্পূর্ণ হয় না। পুডিং, কেক কিংবা পায়েসের বাইরে এখন বাংলাদেশি রান্নাঘরেও জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক কিছু ডেজার্ট। এর মধ্যে জনপ্রিয়তা পেয়েছে ইতালিয়ান ক্লাসিক তিরামিসু। অতিথি আপ্যায়ন হোক কিংবা উৎসবের আয়োজন, এই ডেজার্ট টেবিলে রাখলে প্রশংসা কুড়োতে সময় লাগবে না। চলুন জেনে নিই ঘরে বসেই তিরামিসু বানানোর সহজ রেসিপি।
উপকরণ
ডিম- ৪টি
চিনি- ১ কাপ
লেডি ফিঙ্গার বিস্কুট- ৮/১০টি
কফি- আধা চা চামচ
তরল দুধ- আধা কাপ
হুইপিং ক্রিম- ১ কাপ
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা
ক্রিম চিজ- ১ প্যাকেট
কোকো পাউডার- স্বাদমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে ডিমের কুসুম আলাদা করে একটি তাপসহনশীল বাটিতে নিন। বাটিটিকে হালকা গরম পানির ওপর রেখে তাতে চিনি ও দুধ মেশান। উপাদানগুলো একসঙ্গে মিশে আসা পর্যন্ত নেড়ে নিন। চুলা থেকে নামানোর পরও কয়েক মিনিট নাড়তে হবে, তারপর ঢেকে রাখুন।
অন্যদিকে হুইপিং ক্রিম ভালোভাবে জমাট বাঁধাতে যে বাটিতে বিট করবেন সেটি আগে থেকে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ক্রিম বিট করে ফোমি টেক্সচার তৈরি করুন। কুসুমের মিশ্রণে ভ্যানিলা এসেন্স ও ক্রিম চিজ মিশিয়ে নিন। এরপর ধীরে ধীরে হুইপিং ক্রিম মিশ্রণে যোগ করুন। খেয়াল রাখবেন, বিটার ব্যবহার করা যাবে না। শুধু হালকা হাতে মিশিয়ে নিতে হবে, নাহলে ফোম নষ্ট হয়ে যাবে।
এবার কফি গরম পানিতে গুলে ঠান্ডা করুন। লেডি ফিঙ্গার বিস্কুটগুলো একে একে কফিতে ২-৩ সেকেন্ড ভিজিয়ে সার্ভিং বাটির নিচে সাজিয়ে নিন। তার ওপর মিশ্রণের একটি স্তর দিন। আবার বিস্কুট সাজিয়ে দিন এবং বাকি ক্রিম চারপাশে ছড়িয়ে দিন।
তিরামিসুকে অন্তত সাত-আট ঘণ্টা ফ্রিজে সেট হতে দিন। পরিবেশনের আগে ওপরে কোকো পাউডার ছিটিয়ে দিন।