প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৮:২৮ PM

সংগৃহীত ছবি
বরিশাল বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বহুবিবাহ ও নারী নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী স্ত্রী ও পরিবার। মানবন্ধনে থাকা স্ত্রীদের অভিযোগ ওই কর্মকর্তার ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকার বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময়ে তারা উপ-বন সংরক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও তাকে অপসরণের দাবি জানান।
এতে মো. কবির হোসেন পাটোয়ারীর একাধিক স্ত্রী ও স্বজনরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক কবির হোসেনের এক স্ত্রী জানান, কবির হোসেন পাটোয়ারী এ পর্যন্ত যেসব স্টেশনে চাকুরি করেছেন সেই সব এলাকায় একটি করে বিয়ে করেছেন। আর প্রত্যেকটি স্টেশন ত্যাগ করার পরে তাদের আর কারই খোঁজ রাখেন না।
অন্য এক স্ত্রী বলেন, আমরা যতদূর খোঁজ নিয়ে জানতে পেরেছি তার অন্তত ১৬ থেকে ১৭ জন স্ত্রী রয়েছে। তাদের কোনো খবর না নেওয়ায় মানবেতর জীবনযাপন করছেন। তিনি এক বছর আগে বরিশালে যোগ দেওয়ার পরে এখানেও বিয়ে করার জন্য মেয়ে খুঁজছেন। তিনি জানান, ইতোমধ্যে নারী নির্যাতনের অভিযোগে থানায় ও আদালতে একাধিক মামলার রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধনকারীদের দাবি, উনার মত বিকৃত মানুষকে বন বিভাগ থেকে অপসরণসহ সব স্ত্রীকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। এ ছাড়া তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে জানতে বরিশাল বন বিভাগের উপ-বন সংরক্ষক মো. কবির হোসেন পাটোয়ারীকে মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাংবাদিকদের পরিচয় জেনে মিটিং এ রয়েছেন বলে ফোন কেটে দেন।
স্বদেশ প্রতিদিন/শাহো