প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৭ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র প্রকাশ হওয়ায় ছাত্রদলকে নির্বাচন বর্জন করতে হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের কইচাপুর ইউনিয়নের রুহিপাগাড়িয়া প্রাইমারি স্কুল মাঠে ৮নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ কথা বলেন তিনি ।
প্রিন্স বলেন, শিবিরের কারচুপি ও ষড়যন্ত্র উন্মোচিত হওয়ায় ছাত্রদল জাকসু নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছে। তবে প্রতিকার না পেলে এই কারচুপি ও ষড়যন্ত্রের সাক্ষী গোপাল হয়ে থাকা দল ছাত্রদল নয়।
তিনি আরো বলেন, পরিকল্পিতভাবে প্রতিদিন ষড়যন্ত্র ও সংকট ঘনীভূত করা হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে নৈরাজ্য, রাজনৈতিক হানাহানি এবং অস্থিরতা সৃষ্টি করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের নামে প্রহসনের আয়োজন করা হয়েছে। এই ষড়যন্ত্রে কয়েকজন উপদেষ্টা, নবীন-প্রবীণ কিছু রাজনৈতিক দল এবং অরাজনৈতিক স্বার্থান্বেষী ব্যক্তিরাও জড়িত।
জনগণ নির্বাচনের পথে কোনো প্রতিবন্ধকতা বা নৈরাজ্য সহ্য করবে না উল্লেখ করে প্রিন্স বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ করা হবে। নির্বাচিত জনপ্রতিনিধির শাসন ও গণতন্ত্র ছাড়া দেশ চলবে না। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে, না হলে দেশের জন্য অভাবনীয় ক্ষতি হবে।
তিনি আরো বলেন, ডাকসু নির্বাচন বিএনপির চোখ খুলে দিয়েছে। বাংলাদেশপন্থিদের বিজয় ঠেকাতে ভারতপন্থি ও পাকিস্তানপন্থিদের অশুভ আঁতাত ধরা পড়েছে। ’৭১-এর স্বাধীনতা ও ’২৪-এর গণ-অভ্যুত্থানবিরোধী অপশক্তি এক হয়ে সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ডাকসু নির্বাচনের শিক্ষা নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে জাতীয় নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
ডাকসু নির্বাচনের ফলাফল আসন্ন জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মনোবল অটুট রাখতে হবে এবং জনগণকে সঙ্গে রেখে সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে।