প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫২ পিএম

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়েছে। তবে প্রায় দেড় ঘণ্টা পার হলেও মূল ভোট গণনা শুরু হয়নি। সময় সংবাদকে এ বিষয়ে জবাব দিয়েছেন মীর মোশাররফ হোসেন হলের প্রভোস্ট মাহমুদুর রহমান।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, কোনো হলে চূড়ান্ত ভোট গণনা হবে না; সব হলের ভোট সিনেট ভবনে নিয়ে গিয়ে গণনা করা হবে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার সময়ও সব হলের ভোট সেখানে পৌঁছায়নি।
মাহমুদুর রহমান জানিয়েছেন, ভোটগুলো গোছানোতে সময় লেগেছে। মাস্টার্স ও অনার্সের ভোটের ভাগ, নষ্ট ব্যালট আলাদা রাখা এবং কতগুলো ব্যালট বক্সে পড়ে কতগুলো ফেরত দেওয়া হয়েছে। এই সব হিসাব করার জন্য সময় লাগেছে। সম্পূর্ণ হিসাব হাতে আসার পরই ভোট সিনেট ভবনে পাঠানো হবে।
নষ্ট ব্যালটের কারণও তিনি জানিয়েছেন। তিনটি ব্যালটের পেছনে ছাপা থাকায় এবং দুটি ব্যালট ছেঁড়া থাকায় এগুলো নষ্ট হিসেবে গণনা করা হয়েছে। পরে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নতুন ব্যালট প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি হল কেন্দ্রের ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ১১,৭৪৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ছাত্রী ৫,৭২৮ জন এবং ছাত্র ৬,০১৫ জন। মোট ২৫টি পদে ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তবে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছাত্রদল সমর্থিত প্যানেল এবং ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘সংশপ্তক পর্ষদ’ ভোট বর্জনের ঘোষণা দিয়েছে।