প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি
চাঁদপুর শহরে যান চলাচলে নতুন নিয়ম চালুর প্রথম দিনেই তা না মানার প্রতিবাদে চালকরা শহরের বিভিন্ন প্রবেশমুখে যানবাহন আটকে বিক্ষোভ করেন, ফলে কয়েক ঘণ্টাব্যাপী তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগের সৃষ্টি হয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শহরের পালবাজার, নতুন বাজার ব্রিজ এলাকা ও চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়কের পূর্বমাথায় চালকরা একযোগে বিক্ষোভ শুরু করেন। শহরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
বিক্ষুব্ধ চালকদের দাবি, প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী লাল ও সবুজ রঙের অটোরিকশা একদিন পরপর শহরে চলবে, এই সিদ্ধান্ত তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই নেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী একদিন গাড়ি না চালাতে হলে সংসার চালানো সম্ভব নয় বলেও জানান তারা।
বিক্ষোভে চালকরা জেলা প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন এবং নিয়ম বাতিলের দাবি তোলেন। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকেও চালকদের সঙ্গে অবস্থান নিতে দেখা যায়।
ঘটনাস্থলে পৌর প্রশাসক গোলাম জাকারিয়া উপস্থিত হয়ে চালকদের সাথে কথা বলেন। পরে পরিস্থিতি সামাল দিয়ে তিনি বলেন, “আপনারা আগে যেভাবে চালাতেন, আপাতত সেভাবেই চালান।”
একই সময়ে চাঁদপুর-ফরিদগঞ্জ সড়কেও বিক্ষোভ হয়। এতে আঞ্চলিক সড়কে শত শত যানবাহন, অ্যাম্বুলেন্স, বাস, ট্রাক আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন। প্রায় দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, যান চলাচলের ৮ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য ১০ সেপ্টেম্বর দিনটি নির্ধারণ করেছিল জেলা প্রশাসন। তবে প্রথম দিনেই নিয়ম ভেঙে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে এবং পূর্বের নিয়মে ফিরে যায় চালকরা।
স্বদেশ প্রতিদিন/শাহো