প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১৬ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পড়া না বোঝার অজুহাতে ঘটেছে এই নির্যাতন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শিক্ষক মোশারফ হোসেন আত্মগোপনে রয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কলিমউল্লাহ কলেজ সড়কের ভাড়া বাড়িতে প্রতিষ্ঠিত দারুল হাবিব ইসলামিক একাডেমি মাদ্রাসায়।
আহত শিক্ষার্থী আব্দুর রহমান (১২) বলেন, হুজুর মোশারফ হোসেন পড়াচ্ছিলেন। আমি ঠিকভাবে বুঝতে না পারায় তিনি আমাকে বেত দিয়ে মারতে শুরু করেন। পরে অসুস্থ হয়ে পড়লে মা আমাকে বাসায় নিয়ে যান।
শিক্ষার্থীর বাবা এবাদুল হক ঢালী বলেন, সারারাত সন্তানের চিৎকারে আমরা ঘুমাতে পারিনি। আগেও একাধিকবার হুজুর আমার ছেলেকে মেরেছে। এবার মারধরে ওর পা ভেঙে গেছে। আমি হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছি, থানায় অভিযোগ করব।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আশরাফুল আলম শুভ জানান, মঙ্গলবার দুপুরে আহত ছাত্রকে হাসপাতালে আনা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং পায়ে ফ্র্যাকচার হওয়ায় প্লাস্টার করা হয়েছে।
মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবুর রহমান বলেন, ঘটনার পরপরই শিক্ষক মোশারফ হোসেন আমাদের প্রতিষ্ঠান থেকে চলে গেছেন। শুনেছি তার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এনআর