প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২০৯৬ জন সদস্য নিয়োজিত থাকবেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ডাকসুর সার্বিক নিরাপত্তার বিষয়ে এক প্রেস বিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
তিনি বলেন, আজ এখানে ডিএমপির ১৭৭১ জন পুলিশ দায়িত্বরত রয়েছেন। আগামীকাল ২০৯৬ জন পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এছাড়াও, র্যাব, বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যরাও থাকবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, রেগুলার ফোর্স ছাড়াও পুলিশের বিশেষায়িত টিম, সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট এখানে রয়েছে। এছাড়া, সাদা পোষেকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। এ টহল ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।
এছাড়াও, ডাকসুতে নিরাপত্তা ইস্যু নিয়ে কোন আশঙ্কা নেই বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, সোমবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন করা যাবে না বলে তিনি জানান।
এছাড়া, কোন অবাঞ্চিত ঘটনা ঘটলে আইন হাতে তুলে না নিতে অনুরোধ জানান। অবাঞ্চিত কাউকে পেলে বা কেউ কোন অপরাধ করলে আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়ার অনুরোধ করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ