প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৫ পিএম

রাত ১০ টায় মধুর ক্যান্টিনে ডাকসু প্রচারণার সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। প্রচারণাকালে কাউকে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন, “এ সময় অনেকের পরীক্ষা ছিল। অনেকে অসুস্থ ছিলেন। আমাদের কথাবার্তায় কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় মধুর ক্যান্টিনে ডাকসু প্রচারণার সার্বিক বিষয়ে এক সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম বলেন, “আমরা যখন প্রচারণা শুরু করেছি তখন চেষ্টা করেছি প্রত্যেকটা হলে হলে যাওয়ার জন্য। শিক্ষার্থীদের কথাগুলো শোনার জন্য। তবে অনাবাসিক সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছতে পারিনি। এজন্য তাদের নিকট ক্ষমাপ্রার্থী।”
তিনি আরো বলেন, “আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে। কিন্তু জুলাই প্রশ্নে, বাংলাদেশ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আমরা ঘোষণা করছি, আমাদের বোনদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না।”
এলাকার স্থানীয় নেতারা ফোন দিয়ে শিক্ষার্থীদের কাছে ভোট চাওয়ার বিষয়ে তিনি বলেন, “ঢাবির শিক্ষার্থীরা এত বোকা না যে কেউ ফোন করে হুমকি দিলো আর তারা ভোট দিয়ে দিলো। আমি তাদের বলবো আপনারা এই ফোনে প্ররোচিত না হয়ে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক প্রার্থী বেছে নেবেন।”
প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, “আমরা স্বপ্নের ক্যাম্পাস গড়তে চাই। প্রত্যেক শিক্ষার্থীকে সাথে নিয়ে পথ চলতে চাই। আমরা একটা সুন্দর ক্যাম্পাস চাই যেখানে সকল বৈচিত্র্যকে সাথে নিয়ে এগিয়ে যেতে পারবো।”
তিনি আরো বলেন, “আমরা শিক্ষার্থীদের সব কথা শোনার চেষ্টা করেছি। আমাদের কথাবার্তা, আচরণ দ্বারা কেউ যাতে কষ্ট না পায় সে চেষ্টা করেছি। আমরা যেখানে গেছি সেখানেই শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।”