প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ AM

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, যাদের অপরাধ দমন করার কথা, তারাই অপরাধীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। তিনি বলেন, অপরাধীর বিরুদ্ধে থানায় অভিযোগ দিতে গেলে দেখা যায়, সেই অপরাধী পুলিশের সঙ্গে বসে চা খাচ্ছে। থানায় সাধারণ মানুষ ঢুকতেই পারে না। পুলিশেরও দোষ নেই, স্থানীয় এমপিদের কথা না শুনলে তাদের দূরবর্তী জেলায় বদলির ভয় দেখানো হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে এনসিপির “উঠানে নতুন সংবিধান” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, হোন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না। আগে যত গুন্ডা ছিল, সে তত বড় নেতা—এমন পরিস্থিতি ছিল। কিন্তু নেতৃত্ব আসে নেতার গুণাবলী থেকে, গুন্ডামি থেকে নয়। এনসিপি সর্বদা ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা তাকে এনসিপির পক্ষের মানুষ মনে করব।
তিনি আরও বলেন, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিটি গ্রাম, মহল্লা ও ইউনিয়নভিত্তিক ঐক্য গড়ে তুললে অপশক্তি দাঁড়াতে পারবে না। জনগণের পাশে থাকতে এমপি, চেয়ারম্যান বা মেম্বার হওয়ার দরকার নেই। মানুষ হলেই যথেষ্ট। সত্য বলার জন্য রাজনৈতিক আশ্রয়ের প্রয়োজন নেই।
তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আপনারা সত্যের পথে থাকুন, ন্যায়ের পথে থাকুন, আমি হাসনাত আব্দুল্লাহ সবসময় আপনাদের পাশে থাকব। যদি কেউ সত্য বলার কারণে আপনাদের বাধা দেয়, জুলুম করে, তবে আমিই আপনাদের পাশে দাঁড়াব।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির দেবিদ্বার উপজেলা প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, সার্চ কমিটির সদস্য কাদির আহমেদ ও সাকিল আহমেদ প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/এনআর