প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৩ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ১:১৯ এএম

মানিকগঞ্জ সদর উপজেলার মহেশপুর গ্রামে অভিযোগ তদন্তে গিয়ে তিন পুলিশ সদস্য মারধরের শিকার হয়েছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কামাল হোসেন, কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) বিরুদ্ধে ভরণপোষণ না করা ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ করেন।
পরে অভিযোগ তদন্তে বিকেলে এসআই কামাল হোসেন দুই কনস্টেবলকে নিয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্ত গিয়াস উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গিয়াস উদ্দিন ও তার পরিবারের সদস্যরা পুলিশকে মারধর করে আহত করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে।
ঘটনায় আহত তিন পুলিশ সদস্যকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে এসআই কামাল হোসেনের নাক ফেটে যাওয়ায় তার অবস্থা গুরুতর বলে উল্লেখ করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, “অভিযোগের ভিত্তিতে তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তার ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
স্বদেশ প্রতিদিন/কেআইকে