প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:২৪ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ১০:৪৩ PM

রাজধানীতে নাশকতার অভিযোগে করা একাধিক মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের আদালতে ৬ মামলায় ও চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইসহাক সরকারের আইনজীবী নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বিগত সরকারের সময়ে মোট ৩৬৫টি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে ৬ মামলায় মহানগর দায়রা জজের আদালত ২২ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন।
জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও ২০২৩ সালের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তার সহিত ২১ জনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ফলে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় ইসহাক আলী সরকার বর্তমানে কারাগারে আছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ