প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০০ পিএম

দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ঝাপুপাড়া থেকে শাহানাজ বেগম (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতের স্বামী মোস্তফা কামাল (৪৫) পলাতক রয়েছেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ঝাপুপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শাহানাজ বেগম একই এলাকার আলোকডিহি সরকারপাড়া গ্রামের মৃত হাচেন আলীর মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, প্রায় ২২ বছর আগে শাহানাজের বিয়ে হয় মোস্তফা কামালের সাথে। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। প্রায় এক বছর আগে বড় ছেলে রাকিবুল মোটরসাইকেল দুর্ঘটনায় জড়িয়ে বীরগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়। পরে সাবেক ইউপি সদস্য জিকরুল হকের সহায়তায় শাহানাজ থানায় গিয়ে ছেলেকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। মোস্তফা কামাল প্রায়ই স্ত্রীকে সন্দেহ করে শারীরিকভাবে নির্যাতন করতেন।
এ নিয়ে সপ্তাহ খানেক আগে স্থানীয়ভাবে সালিশ বৈঠকও হয়। সালিশের পর শাহানাজকে আবারও স্বামীর বাড়িতে পাঠানো হলেও নির্যাতন বন্ধ হয়নি। পরিবারের দাবি, শনিবার গভীর রাতেও তাকে নির্যাতন করা হয়।
নিহতের বড় ছেলে জানান, “আমি ইপিজেডে চাকরি করি। আজ সকাল ৬টায় কাজে গিয়ে আন্দোলনের কারণে কোম্পানি বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে এসে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে লাশ নামিয়ে ফেলি।”
নিহতের ভাই রশিদুল অভিযোগ করে বলেন, “আমার বোনকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তার স্বামীর সাথে প্রায়ই ঝগড়া হতো। কিছুদিন আগে সালিশের মাধ্যমে তাকে আবার পাঠানো হয়েছিল স্বামীর বাড়িতে। আজ সে লাশ হয়ে ফিরল। এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।”
এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমুল হক বলেন,“ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ