প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৯ AM আপডেট: ০৭.০৯.২০২৫ ১২:৪৩ এএম

চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলূম মুঈনুল ইসলাম মাদরাসার (হাটহাজারী মাদরাসা) সামনে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গি ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই শতাধিক মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে হাটহাজারী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বন্ধ রয়েছে চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল।
শনিবার (৬ সেপ্টেম্বর) ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত জশনে জুলুস র্যালি হাটহাজারী মাদরাসার সামনে দিয়ে শহরের দিকে যাওয়ার সময় আরিয়ান ইব্রাহিম নামের এক যুবক মাদরাসার দিকে আঙুল তুলে অশোভন অঙ্গভঙ্গি করেন এবং পরে ফেসবুকে একটি অবমাননাকর পোস্ট দেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ‘মসজিদ ও মাদরাসা অবমাননার অভিযোগে অভিযুক্ত আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে হাটহাজারীতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তিনি তৃতীয় পক্ষকে সুযোগ না দিয়ে সবাইকে শান্ত থাকতে বলেছেন।’
তিনি আরো জানান, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম