
সংগৃহীত ছবি
মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ নতুন নিয়ম চালু করেছে, যা বিদেশি ভ্রমণকারীদের অবস্থানের সময় ও জরিমানা নিয়ে নির্দেশনা দেয়। নতুন নিয়ম অনুযায়ী, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত সময় দেশটিতে থাকা বিদেশিদের জন্য তাৎক্ষণিক জরিমানা আরোপ করা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল।
তিনি বলেন, “বিচার প্রক্রিয়া দ্রুত করার জন্য এবং মামলা আদালতে না নেওয়ার উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।”
জরিমানা কাঠামো:
১-৩০ দিন অতিরিক্ত অবস্থান: প্রতিদিন ৩০ রিঙ্গিত, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত।
৩১-৬০ দিন: স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা।
৬১-৯০ দিন: ২,০০০ রিঙ্গিত জরিমানা।
৯০ দিনের বেশি: তদন্ত চালানো হবে।
মন্ত্রী আরও জানান, এই পদক্ষেপে বিচারের সময়কাল ১৪ দিন থেকে কমে মাত্র এক দিনে নামানো সম্ভব হবে। পাশাপাশি ইমিগ্রেশন ডিপোতে ভিড়ও কমবে। তবে দুর্ঘটনা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো যুক্তিসঙ্গত কারণে দেশে ফিরতে না পারা ব্যক্তিদের জন্য শিথিলতার সুযোগ রাখা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে ৩৫,২২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। এ সময়ে দেশব্যাপী ৯,৫০০টি অভিযান পরিচালনা করা হয়, যেখানে ১ লাখ ৫২ হাজার বিদেশিকে চেক করা হয়।
আটক হওয়া বিদেশিদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার এবং বাংলাদেশির সংখ্যা সর্বোচ্চ। কেউ বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ করেছিলেন, কেউ মেয়াদোত্তীর্ণ অবস্থান করেছিলেন, আবার কেউ বৈধ পাসপোর্ট বা কাজের অনুমতি অপব্যবহার করেছিলেন। এই সময়ের মধ্যে ১,৩৯৫ জন নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার অভিযোগে।
এছাড়া, ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর প্রক্রিয়া আটকাদেশ, ফেরত পাঠানোর আদেশ এবং বিমানের টিকিট সংগ্রহের ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে।