প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৭ পিএম

জাবিতে বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘Applications of Financial Management at Public Sector: Focus on University's Financial Management’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল প্রশিক্ষণ প্রদান করছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ কর্মশালায় অংশ নিচ্ছেন। আয়োজকদের মতে, অংশগ্রহণকারীরা সরকারি বিশ্ববিদ্যালয়ের অর্থ ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, অর্থ বরাদ্দ ও হিসাব-নিকাশ প্রক্রিয়াসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন।
কর্মশালাটি আজ শুক্রবার সমাপ্ত হবে।