প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

পটুয়াখালী পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত করা এবং নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণির নাগরিকদের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় পটুয়াখালী পৌরসভার কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।
পৌর প্রশাসক মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। সকালে প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে পটুয়াখালী পৌরসভার প্রশাসক তাঁকে পুষ্পস্তবক অর্পণ করে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
সভায় পৌরসভার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সার্বিক অগ্রগতি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। বিশেষ করে শহরের জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং সামগ্রিক নাগরিক সেবা কার্যক্রমকে আরও দ্রুত, স্বচ্ছ ও গতিশীল করার ওপর বিশেষ জোর দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস. এম. এ. জাহিদ অপু, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসীম উদ্দীন, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, সাবেক সহ-সভাপতি অ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, সাবেক প্রকাশনা সম্পাদক অ্যাড. শরীফ মো. সালাহউদ্দিন এবং পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ার হোসেন।
এ ছাড়া সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ