প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৪৫ পিএম

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তথ্য বিনিময় ও প্রক্রিয়াগত ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (১৯ অক্টোবর) দুই দেশ সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এখানে তথ্যের ও প্রক্রিয়ায় কোনো এক জায়গায় ঘাটতি রয়েছে। আমরা এটা খতিয়ে দেখার জন্য দুই পক্ষ কথাবার্তা বলছি।’ তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে তথ্য বিনিময়ে ঘাটতি থাকলে তা অবশ্যই পর্যালোচনা করা প্রয়োজন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় দুই বাংলাদেশির ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ আছে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, রায় কার্যকর হয়ে যাওয়ার পর সে সুযোগ আর থাকে না। এখন সরকার প্রক্রিয়াগত ঘাটতি কোথায় ছিল, তা খতিয়ে দেখবে। তিনি আরও বলেন, সৌদি আরবে কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে সে দেশের নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচ্য। অন্যদিকে, ভারতের সঙ্গে কনস্যুলার সংলাপেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি