প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:২৪ পিএম

বান্দরবান শহরে পাগলা কুকুরের কামড়ে শিশু, নারী ও পুরুষসহ ১৭ জন আহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের মধ্যমপাড়া, উজানীপাড়া, কালাঘাটা ও সদর ইউনিয়নের লেমুঝিড়ি এলাকায় এসব ঘটনা ঘটে।
আহতদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
হাসপাতালে ভর্তি ব্যক্তি কামাল হোসেন (৩০) সদর ইউনিয়নের লেমুঝিড়ি মধ্যমপাড়ার বাসিন্দা। তিনি বর্তমানে বান্দরবান সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন। আহতদের মধ্যে উচাইসিং মারমা (৮) ও চং প্রেং ম্রো (৬) নামে দুই শিশুও রয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুকুরের কামড়ে আহত ২৯৫ জনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, আহত ১৭ জনের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে এবং বাকি ১৬ জনকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। একসঙ্গে এত রোগীকে টিকা দেওয়ায় হাসপাতালে টিকার সংকট দেখা দিতে পারে।
বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মজুরুল হক বলেন, বেওয়ারিশ কুকুর নিধনের সুযোগ না থাকায় কুকুরগুলোকে টিকাদানের আওতায় আনা যায় কি না, তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ