প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫২ AM

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশত্যাগ করেছেন। সংসদীয় ভোট ও আদালতের রায় ঘোষণার এক দিন আগে তার প্রস্থান নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
থাই গণমাধ্যম জানিয়েছে, সুপ্রিম কোর্টে থাকা এক মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হতে পারে। ২০২৩ সালে থাইল্যান্ডে ফেরার পর চিকিৎসাজনিত কারণে তিনি পুরো আটকাদেশ এড়িয়ে গিয়েছিলেন। থাকসিনের প্রস্থান এমন সময়ে ঘটল, যখন তার প্রতিষ্ঠিত ফিউ থাই জোট সরকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে। শুক্রবারের হাউস ভোটের আগে প্রতিদ্বন্দ্বী দলগুলোর চ্যালেঞ্জও তীব্র হচ্ছে।
ফিউ থাই পার্টির একটি সূত্র জানিয়েছে, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন এবং শুক্রবার ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে। তবে তার আইনজীবী দেশত্যাগের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।
এর আগে জুলাইয়ে তার কন্যা ও সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে মন্তব্যজনিত কারণে পদ থেকে বহিষ্কার করে সাংবিধানিক আদালত। এতে সিনাওয়াত্রা পরিবারের রাজনীতিতে বড় ধাক্কা লাগে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ