প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৫ AM

বাংলাদেশে জন্ম নেওয়া ও বর্তমানে সিঙ্গাপুরে বসবাসরত সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান ফোর্বসের তালিকায় সিঙ্গাপুরের ৪৯তম ধনী ব্যক্তি হিসেবে স্থান অর্জন করেছেন। তাঁর নিট সম্পদের পরিমাণ বর্তমানে ১১০ কোটি ডলার। ২০২৪ সালের তালিকায় তিনি ৪১তম স্থানে ছিলেন।
সামিট গ্রুপের ব্যবসা বাংলাদেশের বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে বিস্তৃত। ২০১৯ সালে তিনি জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার বিক্রি করেন।
আজিজ খানের নাম প্রথমবার ফোর্বসের সিঙ্গাপুরের তালিকায় উঠে আসে ২০১৮ সালে, তখন তাঁর সম্পদ ছিল ৯১ কোটি ডলার। ২০১৯ সালে কিছুটা কমে গেলেও পরবর্তী বছরগুলোতে তা ক্রমশ বৃদ্ধি পায়—২০২০ সালে ৯৫ কোটি ৫০ লাখ, ২০২১ সালে ৯৯ কোটি, ২০২২ সালে ১০০ কোটি এবং ২০২৩ সালে ১১২ কোটি ডলার।
চলতি বছর তাঁর সম্পদ কিছুটা কমে দাঁড়িয়েছে ১১০ কোটি ডলারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ