প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ AM আপডেট: ০৫.০৯.২০২৫ ৮:২৬ এএম

দেশের ইতিহাসে স্বর্ণের দাম সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় এই সমন্বয় আনা হয়েছে। নতুন দাম বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা। তবে এর সঙ্গে ৫% ভ্যাট এবং ন্যূনতম ৬% মজুরি যোগ হবে।
এর আগে ১ সেপ্টেম্বর ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা। চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৩৩ বার বেড়েছে এবং ১৬ বার কমেছে। ২০২৪ সালে এই সংখ্যা ছিল ৬২ বার।
রুপার দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ