প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২২ AM

নেপাল সরকার ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ভুয়া অ্যাকাউন্ট, গুজব ছড়ানো, সাইবার অপরাধ ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে এবং নিবন্ধনের শর্ত পূরণ না করায় এ পদক্ষেপ নেওয়া হয়।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সরকারি ঘোষণায় জানানো হয়, নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার পরও কিছু প্ল্যাটফর্ম স্থানীয় প্রতিনিধি, অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম জমা দেয়নি। ফলে নেপাল টেলিকমিউনিকেশনস অথরিটিকে (এনটিএ) তাদের সেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, টিকটক, ভাইবার, উইটক, নিমবাজ ও পপো লাইভ ইতোমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছে। কিন্তু ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এগুলোর সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং বলেন, “আমরা নিবন্ধনের জন্য যথেষ্ট সময় দিয়েছি এবং বারবার অনুরোধ করেছি। কিন্তু তারা তা উপেক্ষা করেছে। তাই বাধ্য হয়ে তাদের সেবা দেশে বন্ধ করতে হয়েছে।”
এদিকে মেটা এখনো নেপাল সরকারের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ