প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪২ পিএম

ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের জন্য জীবন উৎসর্গের প্রস্তুতি রাখতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে সাম্প্রতিক সময়ে হামলা-পাল্টা হামলা বেড়ে যাওয়ার মধ্যে তিনি এ আহ্বান জানালেন।
শুক্রবার সৌদি প্রেস এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে গ্র্যান্ড মুফতি বলেন, দেশের নিরাপত্তা ও ভূখণ্ড রক্ষার দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ভূখণ্ডের কোনো অংশে হস্তক্ষেপের চেষ্টা হলে তা প্রতিহত করা বড় দায়িত্ব এবং এ দায়িত্ব পালনে জীবন উৎসর্গের প্রস্তুতি থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালনরত সৌদি সেনাদের উদ্দেশে দেওয়া বার্তায় তিনি কোরআনের বিভিন্ন আয়াত এবং আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি আনুগত্য ও আত্মত্যাগের সঙ্গে সম্পর্কিত হাদিসের উল্লেখ করেন।
বিবৃতিতে সীমান্তে দায়িত্ব পালনরত সেনাদের সবসময় প্রস্তুত থাকার পাশাপাশি শাসক ও সামরিক কমান্ডারদের নির্দেশ মেনে সর্বোচ্চ সতর্কতা ও নির্ভুলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। হুথিদের পরাজয়ের জন্য প্রার্থনাও করা হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত নতুন করে তীব্র হয়েছে। হুথিরা সৌদি ভূখণ্ড ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষের দাবি। এর জবাবে সৌদি ও ইয়েমেনি বাহিনী হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
এদিকে ইয়েমেনের লোহিত সাগর উপকূলেও হুথিদের সামরিক অগ্রগতি হয়েছে। সাম্প্রতিক লড়াইয়ে কৌশলগত বন্দরনগরী মোখা ও উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার কথা জানিয়েছে বিভিন্ন সূত্র। এর ফলে বাব আল-মান্দাব প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগও বেড়েছে।
বাব আল-মান্দাব লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহন এবং সুয়েজ খালমুখী জাহাজ চলাচল করে। সাম্প্রতিক সংঘাতের কারণে এ অঞ্চলের নৌ চলাচল ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে ইয়েমেনে এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশেষ করে লোহিত সাগর উপকূলবর্তী এলাকায় লড়াই তীব্র হওয়ায় মানবিক পরিস্থিতিও আরও কঠিন হয়ে উঠেছে।
সৌদি কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে হুথিদের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ সেপ্টেম্বর হুথিরা তায়েফ ও ইয়ানবু শহরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সৌদি নেতৃত্বাধীন সূত্রগুলো এসব হামলা প্রতিহত করার দাবি করেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি