প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:২১ পিএম

সংগৃহীত ছবি
ভবিষ্যতে দুর্ঘটনারোধে দেশের সব ঢাকনাবিহীন ম্যানহোল দ্রুত ঢেকে দেওয়া, সুরক্ষাবেষ্টনী তৈরি এবং স্পষ্ট সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর রুলসহ এই আদেশ দেন।
রিটটি গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে ফারিয়া তাসনিম ওরফে জ্যোতির (৩২) মৃত্যুর ঘটনায় দায়ী কর্তৃপক্ষের ব্যর্থতা চ্যালেঞ্জ করে করা হয়েছিল।
আদালত নির্দেশ দিয়েছেন, ঢাকনাবিহীন ম্যানহোলের সঠিক রক্ষণাবেক্ষণ ও দুর্ঘটনার কারণসহ সুপারিশসহ প্রতিবেদন ৯০ দিনের মধ্যে দাখিল করতে হবে। এই প্রতিবেদনের ফলাফল ও গৃহীত নিরাপত্তা ব্যবস্থা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
রিটের পক্ষে শুনানি করেন ব্লাস্টের প্যানেল আইনজীবী আনিতা গাজী রহমান ও জয়দীপ্তা দেব চৌধুরী, আসকের পক্ষে ছিলেন মো. শাহিনুজ্জামান শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান।
উল্লেখ্য, ২৭ জুলাই রাতে ফারিয়া তাসনিম টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় খোলা ম্যানহোলে পড়ে যান। ২৯ জুলাই টঙ্গীর শালিকচূড়া বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রিটে প্রশ্ন তোলা হয়েছে, উন্মুক্ত ড্রেনের সুরক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতা কেন সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী ঘোষণা করা হবে না।