প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৯ AM

বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান জানালেন, তার দীর্ঘ ক্যারিয়ারের প্রতিটি উত্থান-পতনই তাকে আরও শক্তিশালী করেছে। ফেসবুকের ‘দেন এন্ড নাউ’ ট্রেন্ড অনুসরণ করে বুধবার (৩ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রামে তিনি ১১ বছর আগের ‘লাভ আজকাল’ সিনেমার একটি লুক এবং সাম্প্রতিক একটি ছবি পোস্ট করেন।
২৬ বছরের ক্যারিয়ারে শাকিব খান প্রায় দুই দশক ধরে ঢালিউডে রাজত্ব করছেন। তবে তিনি জানান, এই পথচলা সহজ ছিল না। তার ভাষায়, “হার মানিনি, কারণ প্রতিটা ভুল আমাকে শিখিয়েছে। পিছিয়ে পড়িনি, কারণ প্রতিটা ব্যর্থতা আমাকে গড়ে তুলেছে।”
তিনি আরও লিখেছেন, “যখন দুনিয়া বলেছে ‘পারবে না’, আমি বলেছি ‘দেখে নিও’। সময় বারবার পরীক্ষা নিয়েছে, কিন্তু আমি থামিনি।” শাকিব মনে করেন, প্রতিটি অধ্যায় তাকে নতুনভাবে গড়ে তুলেছে এবং তার যাত্রা এখনও চলছে।
করোনা-পরবর্তী সময়ে দর্শকরা পেয়েছেন নতুন এক শাকিব খানকে। ২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ মুক্তির পর তিনি সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্স পর্যন্ত সব শ্রেণীর দর্শকের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পান।
এরপর ‘প্রিয়তমা’, ‘তুফান’ ও ‘বরবাদ’ সিনেমা পরপরই দেশ-বিদেশে আলোড়ন তোলে। বিশেষ করে ওভারসিজ মার্কেটে বাংলা সিনেমার নতুন দিগন্ত উন্মোচন হয় তার এসব কাজের মাধ্যমে।
আগামী দিনে শাকিব খানের হাতে আরও কয়েকটি বড় প্রকল্প রয়েছে। শিগগিরই তিনি ‘সোলজার’ ছবির শুটিং শুরু করবেন, যা ঈদ ছাড়া মুক্তি পাবে। এরপর ঈদুল ফিতর উপলক্ষে ‘প্রিন্স’ ছবির কাজ শুরু করবেন তিনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ