প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৯ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ৫:৪৮ এএম

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে শাহবাগে ফ্যাসিবাদবিরোধী সমাবেশের ঘোষণা দিয়েছে গণঅধিকার পরিষদ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন জানিয়েছেন, আগামী শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয়নগরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে তিনি এ ঘোষণা দেন। নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবিতে আয়োজিত ওই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
রাশেদ খাঁন বলেন, তাদের তিনটি মূল দাবি হলো— দ্রুত সময়ের মধ্যে নুরুল হক নুরের ওপর হামলার বিচার করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী দল জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
কর্মসূচি শেষে বিজয়নগর পানির ট্যাংক মোড়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন পথচারীরা। নেতারা অভিযোগ করেন, সরকারের আশ্রয়-প্রশ্রয়ে বিরোধী কণ্ঠ দমন করা হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলা তারই সাম্প্রতিক উদাহরণ।
এসময় তারা সরকারের প্রতি আহ্বান জানান, নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে এবং তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ