প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ AM

পাকিস্তানের বেলুচিস্তান ন্যাশনাল পার্টি (বিএনপি)-র একটি মিছিলে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এ হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩৮ জন।
প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহম্মদ কাকার নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বলেন, হামলাকারীর মূল লক্ষ্য ছিল মিছিলের সামনের সারি, যেখানে দলের গুরুত্বপূর্ণ নেতারা অবস্থান করছিলেন। তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে সামনে পৌঁছাতে না পেরে অন্যত্র বিস্ফোরণ ঘটায় সে।
এ ঘটনায় তদন্তের জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিনও কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে আরেকটি বোমা হামলা হয়েছিল, যদিও সেখানে হতাহতের ঘটনা ঘটেনি।
হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হামজা শাফকাত জানিয়েছেন, হামলায় আট কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। তিনি আরও জানান, প্রাদেশিক কর্তৃপক্ষ প্রথমে বিএনপিকে মিছিলের অনুমতি দিতে চায়নি, কিন্তু সংগঠকদের চাপে পরে অনুমতি দিতে বাধ্য হয়।
শাফকাত বলেন, ১২০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল এবং সমাবেশ শেষ হওয়ার প্রায় ৪৫ মিনিট পরে বিস্ফোরণ ঘটে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, সমাবেশ চলাকালীন সময়ে হামলা হলে হতাহতের সংখ্যা আরও ভয়াবহ হতে পারত।
হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের পরিবার এবং আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি হামলাকারীদের দ্রুত খুঁজে বের করে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ