প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৯ AM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী মো. নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গোলচত্ত্বর থেকে আনন্দ মিছিল শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আধুনিক সমবায় সুপার মার্কেটের সামনে পথ সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য হযরত আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কাজী মো. নাজমুল হোসেন তাপস।
প্রধান অতিথি তাপস তার বক্তব্যে বলেন, “আগামীতে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে আমরা ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচী বাস্তবায়ন নিশ্চিত করব। আমার বাবা মারা যাওয়ার পর থেকে দীর্ঘ ৮–৯ বছর ধরে আপনাদের সঙ্গে আছি। আপনারাই আমার শক্তি, আপনাদের মধ্যেই আমি বাবার ভালোবাসা খুঁজে পাই। আমি রাজনীতি করি কিংবা না করি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য কিছু করতে চাই।”
তিনি আরও বলেন, “আ.লীগের নেতারা দেশে ও দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে। জুলাই যুদ্ধে যারা আমরা অংশগ্রহণ করেছি এবং বিগত ১৪ বছরে যারা আ.লীগের বিরুদ্ধে আন্দোলন করেছি, তাদের বলি—কাদা ছোড়াছুড়ি বন্ধ করুন। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা ঠেকাতে পারবে না। সবাই ভোটারদের কাছে গিয়ে ভোট চাইবেন। ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়েছি, ইনশাআল্লাহ এবারও তা পাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আবু সায়েদ, সাবেক মেয়র মোহাম্মদ মাইনুউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল, উপজেলা যুবদলের সভাপতি মো. এমদাদুল বারী, পৌর যুবদলের সভাপতি মো. আলী আজম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফ হোসেন রুবেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আপেল মাহমুদ, জিয়া মঞ্চের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক রুবেল আকরাম প্রমুখ।
স্বদেশ প্রতিদিন/ আরএফ