প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২১ পিএম

সিলেটের কোম্পানীগঞ্জে বিশেষ অভিযানে ৪২ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এসআরবি জানায়, সাদাপাথর এলাকা থেকে একটি অটোরিকশাযোগে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে কোম্পানীগঞ্জ বাজারের দিকে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় চেকপোস্ট বসানো হয়। সকাল ৭টা ২০ মিনিটের দিকে একটি অটোরিকশাকে থামার সংকেত দিলে তাতে থাকা তিনজন পালানোর চেষ্টা করেন। এ সময় তাদের আটক করা হয়।
পরে তাদের কাছে থাকা তিনটি স্কুলব্যাগ ও দুটি ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
আটকরা হলেন—গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখন্ড এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে ফারহান আহমেদ (২১), ভোলা জেলার উত্তর দীঘলদি এলাকার মৃত রবিউল আলমের ছেলে ইমরান শেখ (২৪) এবং মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্দ্রপ্রতাপ এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে খাদিজা হোসেন (১৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।
এসআরবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের ও জব্দকৃত আলামত কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ