প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি
কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটির বিশ্বব্যাপী পরিষেবা হঠাৎ ব্যাহত হয়েছে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ভারতসহ একাধিক দেশে ব্যবহারকারীরা কয়েক ঘণ্টা ধরে চ্যাটজিপিটি ব্যবহার করতে না পারার অভিযোগ করেছেন।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, চ্যাটজিপিটির ওয়েবসাইট খোলা গেলেও কোনো উত্তর পাওয়া যাচ্ছেনা। কারও কারও ক্ষেত্রে সাইট একেবারেই খোলা হয়নি। ডাউন ডিটেক্টর ওয়েবসাইটে শেষ এক ঘণ্টায় ৬০০-এর বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে।
চ্যাটজিপিটির ব্যবহারকারীরা সামাজিক মাধ্যম এক্স (Twitter) এ লিখেছেন: প্রশ্নের জবাব দিচ্ছে না চ্যাটজিপিটি। আরেকজন লিখেছেন: আমার মন খুব খারাপ। আমার কাজের সঙ্গী ডাউন। কেউ কেউ বলেছেন: এ রকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি।
ব্রিটেনের সংবাদমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
কতটি দেশে চ্যাটজিপিটির পরিষেবায় সমস্যা দেখা দিয়েছে এটি এখনও নিশ্চিত নয়। সার্ভিস পুনরায় সচল হতে কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।