
ছোটবেলায় শ্রদ্ধা কাপুর। ইনস্টাগ্রাম থেকে
বর্তমান বলিউডের শীর্ষ নায়িকাদের একজন শ্রদ্ধা কাপুর। ২০২৪ সালে তাঁর অভিনীত হিন্দি সিনেমা ‘স্ত্রী ২’ প্রায় ৯০০ কোটি রুপি ব্যবসা করেছে। শুধু অভিনয় নয়, শ্রদ্ধা একজন সফল উদ্যোক্তাও। অথচ এক সময় বিদেশে কফি বানাতেন, স্যান্ডউইচ বিক্রি করতেন। তিনি আলোচিত অভিনেতা শক্তি কাপুরের মেয়ে।
শ্রদ্ধার জন্ম ও বেড়ে ওঠা মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই সিনেমা ছিল তাঁর জীবনের অংশ। পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রের বোস্টন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন মনোবিজ্ঞান বিষয়ে। তবে প্রথম বর্ষেই বুঝতে পারেন, একাডেমিক পড়াশোনা তাঁর মনের জগতে স্থান নেবে না, বরং সিনেমা বেশি টানছে।
যুক্তরাষ্ট্রে থাকাকালীন শ্রদ্ধা খণ্ডকালীন কাজ করেছেন—কফি শপে ঘণ্টার পর ঘণ্টা কফি বানানো, স্যান্ডউইচ বিক্রি। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাঁকে আত্মনির্ভর হতে শিখিয়েছে এবং অভিনয়ে সাহায্য করেছে।
২০১০ সালে ‘তিন পাত্তি’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু। শুরুটা সহজ ছিল না, ছবিটি সাড়া ফেলেনি। পরবর্তী কয়েকটি ছোট চরিত্রের পর ২০১৩ সালে আসে ‘আশিকি ২’, যা তাঁকে ঘরে ঘরে পরিচিত করে। এরপর ‘এক ভিলেন’, ‘ওকে জানু’, ‘হায়দার’, ‘ছিছোড়ে’ ও ‘স্ত্রী’—সব ছবিতেই শ্রদ্ধা প্রমাণ করেছেন নিজেকে। বিশেষ করে ‘ছিছোড়ে’ তাঁকে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছে।
২০২৪ সালের হরর-কমেডি ‘স্ত্রী ২’ শুধু বলিউড নয়, আন্তর্জাতিক বাজারেও সফল। ছবিটি বিশ্বজুড়ে আয় করেছে ৮৮৪.৪৫ কোটি রুপি। এই সাফল্য শ্রদ্ধাকে বলিউডের সবচেয়ে ‘ব্যাংকেবল’ তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শ্রদ্ধা শুধু সিনেমার পর্দাতেই থেমে নেই; ব্যবসায়িক উদ্যোগেও সফল। সম্প্রতি অলংকার কোম্পানিতে বিনিয়োগ করেছেন। সিনেমা ও ব্যবসা একসাথে সামলাচ্ছেন, যা তাঁকে বর্তমান প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক করেছে। শ্রদ্ধা মনে করেন, সিনেমা সমাজের প্রতিফলন। তিনি বলেন, “ওটিটি যুগের আগে নারীকেন্দ্রিক ব্যতিক্রমী সিনেমা মুক্তি পেত এবং সফলও হতো। তাই এটা নতুন কিছু নয়।”
‘স্ত্রী ২’-এর সফলতার পর শ্রদ্ধা পারিশ্রমিক দ্বিগুণ করেছেন এবং লভ্যাংশের অংশও দাবি করেছেন। চলতি বছরের শেষ দিকে একতা কাপুর প্রযোজিত নতুন থ্রিলার সিনেমায় অভিনয় করবেন, যেখানে পারিশ্রমিক ১৭ কোটি রুপি নির্ধারণ করেছেন। এই সিনেমার পরিচালনা করবেন রাহি অনিল বারভে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ