প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৬ পিএম

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও ভবেরচর এলাকায় ভোক্তা অধিকার সংক্রান্ত নিয়ম অনুসরণে তদারকি অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বালুয়াকান্দি এলাকায় অবস্থিত ‘নাইট মুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযানকালে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছে। এতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আব্দুল আজিজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং স্বাস্থ্যসম্মত ও পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়।
একইদিন ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ‘বাংলা রেস্তোরাঁ’তেও অনুরূপ অভিযোগ পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে রেস্তোরাঁটির মালিক তরিকুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাকেও একইভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুতের নির্দেশ প্রদান করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহায়তা করেন গজারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান ও গজারিয়া থানা পুলিশের একটি টিম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে