প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪১ পিএম

সংগৃহীত ছবি
পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজারে নৈশ্য প্রহরী রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আরমান ইসলাম আমজাদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর প্রত্যক্ষ নির্দেশনায় পুলিশের চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।
গত ৪ আগস্ট দিবাগত রাতে জেলার সদর উপজেলার কামাত-কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে জনৈক মাহাবুব আলম প্রধানের কাঠের ছ মিলের বারান্দায় নৈশ্য প্রহরী রফিকুল ইসলামকে গলা কেটে হত্যা করে ফেলে রাখা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর নেতৃত্বে পুলিশের বিশেষ টিম তদন্তে নামে। গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় হাড়িভাসা ইউনিয়নের সাহেব বাজার এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রধান আসামি হলেন, পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট প্রধানপাড়ার রফিকুল ইসলামের ছেলে আরমান ইসলাম আমজাদ (২৬)।
পুলিশি জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে আসামি রফিকুল জানান, ঘটনার দিন রাতে টুনিরহাট বাজারের বিআরটিসি কাউন্টারের পাশে কাঠের ছ মিলের ঘরে বসে তারা তাস (রামী) খেলছিল। খেলায় টাকা নিয়ে বিরোধের একপর্যায়ে নিহত রফিকুল ইসলাম আসামীর পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে, আসামি ক্ষিপ্ত হয়ে অস্ত্রটি কেড়ে নিয়ে রফিকুলের গলায় আঘাত করে এবং পরে জবাই করে হত্যা করে। পরবর্তীতে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সংবাদ সম্মেলনে বলেন, 'হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশ ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করেছে। অবশেষে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।'
স্বদেশ প্রতিদিন/শাহো