বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ব্রাহ্মণবাড়িয়া-১; ভোটারদের মনোযোগ কাড়তে ব্যস্ত প্রার্থীরা
শেখ মো. শহিদুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৭ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ২:০২ এএম
এম.এ. হান্নান, কে এম. বশির উদ্দিন তুহিন, কামরুজ্জামান মামুন, আমিনুল ইসলাম ও একরামুজ্জামান সুখন

এম.এ. হান্নান, কে এম. বশির উদ্দিন তুহিন, কামরুজ্জামান মামুন, আমিনুল ইসলাম ও একরামুজ্জামান সুখন

গত বছরের ৫ আগস্টে সরকারের পরিবর্তনের পর ব্রাহ্মণবাড়িয়া জেলায় রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ ক্ষেত্র তৈরীতে তৎপর হয়ে উঠেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছর নানা ধরনের বাধার মুখে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী (জামাত) এখন কার্যক্রম জোরদার করেছে। এই দলগুলোর কার্যালয়গুলোতে নেতা কর্মীরা অবাধে কাজ করছেন এবং নির্বাচনী তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী ও অনুসারীদের মধ্যে যে জল্পনা ছিল, তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করার মাধ্যমে শেষ হয়েছে। ঘোষিত সময়ে নির্বাচন হওয়ার প্রত্যাশায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনেই বিএনপি, জামাত ও অন্যান্য দলগুলো ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। জনসভা, সমাবেশ, কর্মীসভা, গণসংযোগ এবং অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে মনোনয়নপ্রত্যাশী ও সম্ভাব্য প্রার্থীরা দলের জন্য কাজ চালাচ্ছেন। গুরুত্বপূর্ণ প্রার্থীরা প্রেস ক্লাবের কনফারেন্স হালে মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন।

বিএনপি তৃণমূল পর্যায়ের শক্তিশালী দল হওয়ায় এর ভিত শক্ত। তাই জেলার ছয়টি আসনের প্রত্যেকটিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বেশি। অন্যদিকে জামাত একক প্রার্থী দিয়ে তাদের বিশ্বস্ত নেতাদের মাঠে নামিয়ে দিয়েছে। মনোনয়ন নিয়ে দলটিতে কোনো বিভাজন না থাকায় ছয়জন প্রার্থীই পূর্ণ জনশক্তি নিয়ে নির্বাচনী কার্যক্রম চালাচ্ছেন। 

বাংলাদেশ গণঅধিকার পরিষদও জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করেছে এবং বাকি দুইটিতে শিগগির নাম ঘোষণা করবে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সহ আরও কয়েকটি রাজনৈতিক দলও নির্বাচনী তৎপরতা চালাচ্ছে।

জেলার ২৪৩-ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনটি মূলত হিন্দু অধ্যুষিত। এ আসনটি আগে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত ছিল। তবে সরকারের পরিবর্তনের পর বিভিন্ন দল হিন্দু ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে তৎপর। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে রয়েছেন জেলা কমিটির সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি কামরুজ্জামান মামুন, উপজেলা বিএনপি সভাপতি এম.এ. হান্নান, জেলা বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম. বশির উদ্দিন তুহিন, জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক ড. শামসুল হক কিবরিয়া ও নাসিরনগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আলী আযম চৌধুরী। উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান বলেন, “আমি ২০১৭ সাল থেকে মাঠে কাজ করছি। বিগত সরকারের সময়ে সাতবার জেল খেটেছি। জেলে থাকার সময় মা মারা গিয়েছেন। দীর্ঘকাল দলের জন্য কাজ করেছি এবং দলকে ধরে রেখেছি। আমি আশাবাদী, দল আমাকে নির্বাচনী মনোনয়ন দেবে।”

উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কে এম. বশির উদ্দিন তুহিন বলেন, “দলের জন্মকাল থেকে আমি রাজনীতিতে রয়েছি। আমাদেরকে শান্তিতে মাঠে কাজ করতে দেওয়া হয়নি। অবৈধ ভোট ও অত্যাচারের মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছিল। তবে সরকারের পরিবর্তনের পর দল ব্যাপক কাজের সুযোগ পেয়েছে, যা আমরা কাজে লাগাচ্ছি। আমি নিজেকে নমিনি হিসেবে ঘোষণা না করে দলের কাজে মনপ্রাণ উজার করছি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আমি নির্বাচন করব।”

জামাতের জেলা মজলিসের শুরা সদস্য ও নাসিরনগর উপজেলা আমীর অধ্যাপক এ.কে.এম. আমিনুল ইসলাম মনোনয়ন পেয়েছেন। তিনি জনসভা, সমাবেশ, কর্মীসভা, পথসভা, গণসংযোগ, বৃক্ষরোপণ ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। তিনি বলেন, “সবার অধিকার ও মর্যাদা রক্ষার মাধ্যমে জনগণকে সেবা দেওয়া আমাদের লক্ষ্য। গণসংযোগে ব্যপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ বিজয়ী হব।”

ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমেদ আজাদী এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন।

আলোচনায় আছে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সৈয়দ এ.কে. একরামুজ্জামান সুখন দলের সাথে ফিরতে পারেন। তিনি আগে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০২৪ সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন। দলে ফিরলে তিনি মনোনয়ন চাইবেন।

জেলা বিএনপির সহ-সভাপতি কামরুজ্জামান মামুন বলেন, “দল থেকে বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে এনে মনোনয়ন দিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং তৃণমূল বিএনপিও তা মেনে নেবে না। দলের সকল নেতাকর্মী এ বিষয়ে সচেতন রয়েছেন। অন্যান্য দলের প্রার্থীদের কার্যক্রমও চলমান রয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  ভোট   ব্রাহ্মণবাড়িয়া   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close