প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৩ পিএম

ময়মনসিংহের ত্রিশালে পঁচা ও বাসি খাবার বিক্রি এবং নোংরা পরিবেশে খাদ্য সংরক্ষণের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ত্রিশাল পৌর শহরের বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে পৌর শহরের ‘রসের মিষ্টি’ নামক কনফেকশনারীতে পঁচা ও বাসি মিষ্টি এবং মেয়াদোত্তীর্ণ কেক রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলে নোংরা পরিবেশে পঁচা ও বাসি খাবার সংরক্ষণ এবং বিক্রির দায়ে আরও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় বেশ কয়েকটি দোকানকে সতর্কও করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।
স্বদেশ প্রতিদিন/কেআইকে