প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:০৫ পিএম

সংগৃহীত ছবি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি ১৯৯৬ সালে রাজনৈতিক প্রভাবে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন এবং এরপর থেকে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে অর্থ আত্মসাৎ, টিউশন ফি আত্মসাৎ, সরকারি ফান্ডের টাকা আত্মসাৎ এবং স্বেচ্ছাচারিতাসহ অন্যান্য অভিযোগ।
এলাকাবাসী ও মাদ্রাসার সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোঃ রফিকুল ইসলাম, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে যে, অধ্যক্ষ আবদুল আজিজ ১৯৯৬ সালে নিয়মবহির্ভূতভাবে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে অধ্যক্ষ পদে আসীন হন। এরপর তিনি ২০১০ সাল থেকে মাদ্রাসায় নির্বাচিত কোনো গর্ভনিং বডি পরিচালিত হতে দেননি। তিনি প্রতিষ্ঠান পরিচালনার জন্য নিজ পক্ষের প্রভাবশালী লোকদের দ্বারা কমিটি গঠন করে, যা দীর্ঘদিন ধরে কার্যকর হয়নি।
করোনাকালে তিনি মাদ্রাসার শ্রেণীকক্ষ টিনের ঘর বিক্রি করে টাকা আত্মসাৎ করেন এবং শিক্ষকদের টিউশনের ফি প্রতি মাসে আত্মসাৎ করেন। এছাড়া ২০২১ সালে মাদ্রাসার টিউশন ফি থেকে ২ লাখ ৩০ হাজার টাকা এবং ২০২৫ সালের কোরবানি ঈদের পূর্বে ১ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাৎ করেন।
অভিযোগে আরও বলা হয়েছে, অধ্যক্ষ আবদুল আজিজের কোনো শিক্ষাগত যোগ্যতা না থাকলেও মোটা অংকের টাকার বিনিময়ে তিনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ পদ দখল করেন। তার বিরুদ্ধে মাদ্রাসায় উপস্থিত না থেকেও একদিনে একাধিক মাসের স্বাক্ষর করার অভিযোগ রয়েছে।
বর্তমানে মাদ্রাসায় ১৯ জন শিক্ষক ও কর্মচারী প্রায় ৬ লাখ টাকা সরকারি বেতন ভাতা পেলেও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি অত্যন্ত কম। ৩১ আগস্ট স্থানীয় কয়েকজন মিডিয়া কর্মী মাদ্রাসা পরিদর্শন করে মাত্র ৩০ জন ছাত্র-ছাত্রীকে উপস্থিত দেখতে পান।
অভিযোগকারী রফিকুল ইসলাম জানান, তিনি অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে ২৫ আগস্ট ১৪টি অভিযোগ নিয়ে মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা অফিসার, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসারসহ সাংবাদিকদের কাছে কপি পাঠিয়েছেন এবং অভিযোগের তদন্তের দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা আবদুল আজিজ বলেন, অভিযোগের তদন্ত হলে আমি আমার বক্তব্য জানাব।
স্বদেশ প্রতিদিন/শাহো