‘আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা নির্লজ্জ, এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই’
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম

সংগৃহীত ছবি
গায়ক আসিফ আকবর প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ইস্যুতে মতামত দেন, প্রতিবাদ জানান। এবার তিনি রাজনৈতিক নেতাদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার সকালে নিজের ফেসবুক পোস্টে আসিফ লেখেন, “আগে ভাবতাম রাজনৈতিক দলের মন্ত্রীরা দায় নিয়ে পদত্যাগ করে না, তারা নির্লজ্জ। এখন দেখি ওই চেয়ার নির্লজ্জদের জন্যই।”
পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি। তবে মন্তব্যের ঘরে তিনি আরও লিখেছেন, “চেয়ারের মধ্যে বান্দরের শলা থাকে, উপায় নাই।”
আসিফ বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দুই মাসের সফরে তিনি বিভিন্ন অঙ্গরাজ্যে অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। দীর্ঘ ১৭ বছর পর দলবল নিয়ে তিনি যুক্তরাষ্ট্রে গাইতে গেছেন।
সংগীত জীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক বিষয়েও সরব থাকেন আসিফ আকবর। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি ছেলেকে নিয়ে রাজপথেও নেমেছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নতুন সরকারকে সমর্থন জানিয়েছিলেন আসিফ। তবে সে সময় তিনি ঘোষণা দেন, তিন মাস পর থেকেই সরকারের কার্যক্রম নিয়ে সমালোচনা শুরু করবেন। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টগুলোতে সেই ভূমিকাই প্রতিফলিত হচ্ছে।
রাজনৈতিক নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে দেওয়া আসিফের এই ফেসবুক পোস্ট ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মন্তব্যে লিখেছেন, গায়ক এবারও মনের কথাই বলেছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর