প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৬:৩১ পিএম

ময়মনসিংহের গফরগাঁওয়ে চার বছরের শিশু সাদাব হোসেন হত্যার দ্রুত বিচার ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে রেললাইন অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা গফরগাঁও রেলস্টেশনের রেললাইনে অবস্থান নেয়। এতে ঢাকা-ময়মনসিংহসহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়ে হাজারো যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘সাদাব হত্যার বিচার চাই’ স্লোগান দিয়ে রেললাইন অবরোধ করে বিক্ষোভ চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) মনোতোষ বিশ্বাস, গফরগাঁও থানার ওসি বাচ্চু মিয়া এবং পাগলা থানার ওসি ফেরদৌস আলম। প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। বিকেল ৩টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গত ১১ জুলাই গফরগাঁওয়ের পাচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রাম থেকে শিশু সাদাব হোসেন (৪) নিখোঁজ হয়। নিখোঁজের কয়েক ঘণ্টার মধ্যেই পরিবারের কাছে অজ্ঞাত নম্বর থেকে মুক্তিপণের দাবি আসে। প্রথমে ২০ হাজার, পরে এক লাখ টাকা দাবি করা হয়।
চার দিন পর, ১৫ জুলাই বিকেলে পাশের একটি জঙ্গল থেকে শিশুটির মরদেহ তিন টুকরো অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই নির্মম ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। সাদাবের পরিবারের সদস্যরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, এতটুকু একটি শিশুকে কেউ এতটা নির্মমভাবে হত্যা করতে পারে।
স্থানীয়রা জানান, যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
স্বদেশ প্রতিদিন/এমএম