প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৫৩ পিএম

ইবি শাখার উদ্যোগে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
ঢাকায় আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ ইবি শাখার উদ্যোগে ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা নানা স্লোগান দেন। তাদের কণ্ঠে শোনা যায়- “কোটা না মেধা, মেধা মেধা”, “জনে জনে খবর দে, ডিপ্লোমা কোটার কবর দে”, “সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান”, “1 2 3 4, ডিপ্লোমা নো মোর”, “আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”, “প্রকৌশলীদের রক্ত বৃথা যেতে দিব না”, “জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে”, “বুয়েটে হামলা কেন, ইন্টেরিম জবাব দে”।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “বিএসসি প্রকৌশলীদের আন্দোলনে পুলিশের হামলা পতিত স্বৈরাচার হাসিনা সরকারের দৃষ্টান্ত বহন করে। এটি অর্ন্তবর্তী সরকারের আমলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তারা আরো বলেন, “চব্বিশের বৈষম্যহীন বাংলাদেশে বিএসসি ইঞ্জিনিয়ারদের সঙ্গে এমন বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অনতিবিলম্বে নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ ৩৩% কোটা বাতিল করতে হবে এবং দশম গ্রেডে শতভাগ কোটা প্রত্যাহার করে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।”