প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৮:৪১ পিএম

অসহায় শাকিলের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা
সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের তেলকুপি পশ্চিমপাড়া গ্রামের জন্মগতভাবে বিকলাঙ্গ ও বোবা প্রতিবন্ধী শাকিলের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
শারীরিকভাবে মারাত্মক অসুস্থ শাকিলের ওজন বর্তমানে মাত্র ৭ কেজি। দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করা এই যুবকের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেছেন তিনি। পাশাপাশি একটি মেডিকেল টিম শাকিলের বাড়িতে এসে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দিয়েছেন।
আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে শাকিলকে তার মা শাহিদা খাতুনের কোলে দেখে আবেগাপ্লুত হন মির্জা মোস্তফা জামান।
তিনি বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে তার পাশে থাকার জন্য সহযোগিতার হাত বাড়াতে এসেছি। দলের পক্ষ থেকে আমরা সবসময় এই অসহায় পরিবারের পাশে আছি এবং থাকবো। একই সাথে আমি সিরাজগঞ্জ জেলা প্রশাসন, বিত্তশালী, সামাজিক ও মানবিক সংগঠনগুলোকে শাকিলের চিকিৎসা এবং প্রতিবন্ধী ছেলের মা অসহায় শাহিদা খাতুনকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডা. এম এ লতিফ, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক নিয়ামুল হাকিম সাজু, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।