প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৭:৩০ পিএম

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকদের সুবিধা নিশ্চিত করতেই সরকার ফারমারস মিনি কোল্ড স্টোরেজ প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি উপকৃত হবেন। মানিকগঞ্জ থেকে এ উদ্যোগের যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে সারাদেশে আরও ১০০টি মিনি কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মেদুলিয়া গ্রামে ফারমারস মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেদুলিয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।
কৃষি উপদেষ্টা বলেন, দেশে অনেকেই নানা সুবিধা ভোগ করলেও কৃষকরা পিছিয়ে আছেন। তাই কৃষকদের উৎপাদিত ফসল সংরক্ষণ ও বাজারজাতকরণে সহায়তা দিতে এই প্রকল্প চালু করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সাশ্রয়ী কোল্ড স্টোরেজ প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধির লক্ষ্যেও এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে কৃষি মন্ত্রণালয়ের এ উদ্যোগ কৃষি উৎপাদন, সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনায় কৃষক ও মধ্যস্বত্বভোগীদের দূরত্ব কমিয়ে দেবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবীআহ নূর আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এনআর