প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১:০৬ পিএম

শিক্ষা ক্যাডার নিয়োগে ৪৯তম বিশেষ বিসিএসের আবেদনের সময়সীমা শেষ হয়েছে।। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, এবারের বিশেষ বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ১২ হাজার ৩৪২ জন প্রার্থী।
এই বিসিএসের মাধ্যমে দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে মোট ৬৮৩টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ, প্রতি পদের বিপরীতে গড়ে ৪৫৬ জন আবেদন করেছেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয় না। আবেদনকারীদের অংশ নিতে হবে ২০০ নম্বরের এমসিকিউ-ভিত্তিক লিখিত পরীক্ষা ও ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায়।
পিএসসি জানিয়েছে, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষাটি হতে পারে। তারিখ নির্ধারণ হলে তা পিএসসির ওয়েবসাইটে জানানো হবে।
প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছিল সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০০ টাকা এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫০ টাকা। বয়সসীমা রাখা হয় ২১ থেকে ৩২ বছর।
বিজ্ঞপ্তির তথ্যমতে- ৪৯তম বিসিএসের মাধ্যমে দেশের সরকারি সাধারণ কলেজে বিভিন্ন বিভাগে প্রভাষক পদে ৬৫৩টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে। আর সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি শূন্যপদে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
সবচেয়ে বেশি ৬১টি শূন্যপদ বাংলা বিভাগে। এছাড়া রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শনে ৩০টি, রসায়নে ৩০টি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩২টিসহ বিভিন্ন বিভাগে প্রভাষক নিয়োগ দেওয়া হবে।
দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে গত ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এরপর ২২ জুলাই থেকে অনলাইনে আবেদন শুরু হয়, যা চলে ২২ আগস্ট পর্যন্ত। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করাদের পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ, ২৫ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধের সুযোগ দেওয়া হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম