প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:০৩ পিএম

ঝিনাইদহে আবু তালেব হত্যা মামলার অন্যতম পলাতক আসামি মোহাম্মদ সেলিমকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সেলিম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের সামসুল হকের ছেলে।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক মেজর রাশেদ জানান, গত ২ এপ্রিল রাতে কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে আবু তালেবকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে পরদিন ৩ এপ্রিল কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (ধারা ৩২৬/৩০২ দণ্ডবিধি) দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়- পেশাগত দ্বন্দ্বের জেরে আসামি রুবেল হোসেন রাতে আবু তালেবকে তার শ্বশুরবাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সুচালো রড দিয়ে বুক ও পেটে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। তালেবের শ্বশুর ছবেদ আলী তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও একই অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত শুরু হলে অনেক আসামি এলাকা ছেড়ে পালিয়ে যায়। এর মধ্যে অন্যতম পলাতক আসামি সেলিমকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘হত্যা মামলার আসামি সেলিমকে র্যাব থানায় হস্তান্তর করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
স্বদেশ প্রতিদিন/এমএম