
গুগল তাদের সার্চ ইঞ্জিনে নতুন একটি সুবিধা ‘এআই মোড’ চালু করেছে। যুক্তরাজ্য, ভারত ও যুক্তরাষ্ট্রে সফলভাবে পরীক্ষা চালানোর পর এবার এটি একযোগে ১৮০টি দেশ ও অঞ্চলে চালু করা হয়েছে।
গুগলের ভাষ্য অনুযায়ী, ‘এআই মোড’ ব্যবহারকারীদের আরও স্বতন্ত্র, দ্রুত ও কার্যকর সার্চ অভিজ্ঞতা দেবে।
‘এআই মোড’ কী:-এআই মোড হলো গুগল সার্চের একটি নতুন ইন্টারফেস বা ট্যাব, যা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর আরও বিশদ ও বিশ্লেষণভিত্তিকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করে উপস্থাপন করে। এতে ব্যবহারকারীরা জটিল অনুসন্ধান বা তুলনামূলক প্রশ্নের উত্তর সহজেই পেতে পারেন।
নতুন সুবিধাসমূহ:-১. এজেন্টিক এক্সপেরিয়েন্স:
এখন গুগল এআই মোড ব্যবহার করে রেস্টুরেন্ট রিজার্ভেশন খোঁজা সহজ হয়েছে। ভবিষ্যতে এটি ইভেন্ট টিকিট ও স্থানীয় সেবার বুকিংয়েও প্রসারিত হবে।
২. ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ফলাফল:
যুক্তরাষ্ট্রে পরীক্ষামূলকভাবে চালু এই ফিচারে, ব্যবহারকারীরা নিজেদের স্বাদ ও আগ্রহ অনুযায়ী সাজানো সার্চ ফলাফল পাচ্ছেন।
৩. লিঙ্ক শেয়ারিং সুবিধা:
এআই মোডে পাওয়া উত্তর এখন লিংকের মাধ্যমে অন্যদের সঙ্গে ভাগ করা যাবে। যারা লিংক পাবেন, তারা সেই উত্তর থেকে আবার নতুন অনুসন্ধান চালিয়ে যেতে পারবেন।
যেভাবে কাজ করে ‘এআই মোড’:-এই মোড ‘কোয়েরি ফ্যান-আউট’ পদ্ধতি ব্যবহার করে। এটি একাধিক উৎস ও সাবটপিক থেকে তথ্য সংগ্রহ করে একত্রিত করে উত্তর তৈরি করে। এতে টেক্সট, ভয়েস এবং ছবি দিয়েও সার্চ করা সম্ভব। এছাড়াও, পূর্ববর্তী প্রশ্নের ধারাবাহিকতায় নতুন প্রশ্নও করা যায়।
বর্তমানে এই মোড শুধু ইংরেজি ভাষায় চালু রয়েছে। তবে গুগল জানিয়েছে, ভবিষ্যতে আরও ভাষায় সুবিধাটি চালু করা হবে।
গুগল এই এআই মোডকে ভবিষ্যতের সার্চ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ব্যবহারকারীদের জন্য এটি যেমন সুবিধাজনক, তেমনি ওয়েবসাইট মালিক ও মার্কেটারদের জন্যও নতুন কৌশল নির্ধারণের সুযোগ তৈরি করবে।
গুগল বলেছে, আমরা বিশ্বজুড়ে আরও বেশি মানুষকে এআই মোডের সুবিধা দিতে যাচ্ছি।
স্বদেশ প্রতিদিন/এমএম