প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম

ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ অনুযায়ী, আগামী বুধবার (২৭ আগস্ট) থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। এর আগে চলতি মাসের শুরুতে ভারতীয় পণ্যে ২৫ শতাংশ শুল্ক বসানো হয়েছিল।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এ সংক্রান্ত নোটিশ ইতোমধ্যেই জারি করেছে। ওয়াশিংটনের দাবি, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি চালু রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক রাখা দেশগুলোর ওপর চাপ প্রয়োগ করাই এ সিদ্ধান্তের উদ্দেশ্য।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অনুপযুক্ত, উসকানিমূলক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার এক বক্তব্যে বলেন, কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপস করবে না। চাপ বাড়লেও ভারত নিজস্ব শক্তি বাড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করবে।
মোদি দেশবাসীকে ‘স্বদেশি পণ্য’ ব্যবহারের আহ্বান জানিয়ে বলেন, “আমাদের উচিত কেবলমাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য কেনা।” তিনি ব্যবসায়ীদের দোকানের বাইরে বোর্ড টানানোরও আহ্বান জানান, যেখানে উল্লেখ থাকবে তারা শুধু দেশীয় পণ্য বিক্রি করছেন।
সূত্র: বিবিসি, দ্য হিন্দু, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্য ইকোনমিক টাইমস
স্বদেশ প্রতিদিন/ আরএফ