প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:৩৩ পিএম

সোনারগাঁ উপজেলা জামায়াতে ইসলামী নেতা সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ করা হয়।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দী এলাকায় অবস্থিত একটি ব্রিজ মাঝখানে ভেঙে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও সাধারণ মানুষ।
আজ সোমবার (২৫ আগস্ট) ব্রিজের এই বেহাল দশা দেখে সোনারগাঁ উপজেলা জামায়াতে
ইসলামী নেতা সাখাওয়াত হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ব্রিজটির সংস্কার কাজ করা
হয়।
জানা যায়, অলিপুরা সড়কের পশ্চিম সনমান্দীসহ ২০ থেকে ৩০ টি গ্রামের কয়েক হাজার লোকজনের উপজেলার সাথে যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো আটোরিকশা, সিএনজি, চলাচল করে। ব্রিজের দুই পাশের রেলিং ভেঙে গেছে এবং ব্রিজের মাঝখানে পলেস্তারা খসে পড়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। রড বেড়িয়ে পড়েছে, কিছুদিন পূর্বে গর্তটি মেরামত করা হলেও আবার ভেঙে গেছে।
এদিন ভাঙা ব্রিজ মেরামতের সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও এডুকেশন সোসাইটির পরিচালক, নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনে বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভুঁইয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আসাদুল ইসলাম মোল্লা, সনমান্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ সভাপতি আব্দুস সাত্তার, সদস্য আমীর হামজা, হাফেজ হাফিজুল ইসলাম সহ আরো অনেকে।
আরো জানা যায়, বিএনপির সাবেক প্রতি মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ১৯৯১ সালে ব্রিজটি নির্মাণ করেন। ব্রিজটি দীর্ঘ দিন যাবৎ ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। এ ব্রিজটি দিয়ে ভারী যানবাহন চলাচল করে এবং যানবাহন পড়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীর দাবি, “দ্রুত নতুন একটি ব্রিজ তৈরি করা প্রয়োজন এই এলাকায়। পুরোনো ব্রিজটি ভেঙে যাবার ফলে এবং বড় গাড়ি চলাচলের কারণে এখানে প্রায় প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটে থাকে। ২০-৩০ টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়েই এই ব্রিজটি দিয়ে চলাচল করছে। তাই আমরা সরকারের কাছে নতুন একটি ব্রিজের দাবি জানাচ্ছি।”