প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:৫৩ পিএম

কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মো. সুজন (২০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হোমনা থানা পুলিশ। আটককৃত সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ মাদক নিয়ে ছিনাইয়া এলাকা হয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তল্লাশি চালিয়ে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর রাখা ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান ও চালক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম